এ কে এম সেলিম:
নরসিংদীর বেলাব উপজেলায় নি:স্বার্থ সংগঠনের উদ্যোগে ২১০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। “অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
গত ৪ মার্চ বুধবার বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ, ইব্রাহিমপুর ও নিলক্ষীয়া গ্রামের অসহায় ও হতদরিদ্র ২১০টি পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল খেজুর, ছোলা, মুড়ি, ডাল, চিনি, সয়াবিন তেল ও ট্যাং। সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন। এতে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন।
বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ সমন্বয় করেন কাজী ইমন ও বিকাশ আহমেদ কেরামত। ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন শ্যামল আহমেদ। প্রায় ২০ জন সক্রিয় ভলান্টিয়ারের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।
সংগঠনটির কোনো নির্দিষ্ট পদ-পদবি না থাকলেও একটি পরিচালনা কমিটি রয়েছে, যারা মূলত প্রবাস থেকে কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে থাকেন। পরিচালনা পরিষদের সদস্যরা হলেন— কাজী শাওন কবীর, ফয়সাল আহমেদ, কাজী রিমন কবীর, আশরাফুল আলম রাব্বি ও জুয়েল মিয়া।
নি:স্বার্থ সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য কাজী রিমন কবীর বলেন, “অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য—এই স্লোগানকে সামনে রেখে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার কিছু অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সকলের দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতেও যাতে সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করা হচ্ছে।