রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকালে রায়পুরা উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগমের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন নারী সংগঠনের নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আরফিন আসাদ, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, গ্রাম আদালতের মনি আক্তার, আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য ও অদম্য নারী পুরস্কারপ্রাপ্ত খালেদা পারভীন এবং সাংবাদিক বিনা আক্তারসহ অনেকে।
রায়পুরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা নারী ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।