
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করার কারণ ব্যাখ্যা করেছেন বিএনপি নেতা ও সাংবাদিক তৌফিকুল হক। একই সঙ্গে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রায়পুরা উপজেলা রিপোর্টার্স কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
তৌফিকুল হক বলেন, ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কিছু বাস্তব কারণের প্রেক্ষাপটে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিতভাবে সক্রিয় থাকতে পারেননি। তবে দল ও দলের আদর্শের প্রতি তার পূর্ণ আস্থা ও সমর্থন অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনী সময়ে কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি হয়ে থাকলে সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। বিশেষ করে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি সম্মান জানিয়ে তিনি বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার অনুরোধ জানান।
দলের স্বার্থ ও ঐক্য অটুট রেখে আগামীতেও সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তৌফিকুল হক। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এ বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।