
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে রেললাইনের পাশে অবৈধভাবে বসানো দোকানগুলো উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সেখানে পুনরায় দোকান না বসানোর জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া কাঁচাবাজার ও মুদি দোকানগুলোতে তদারকি চালানো হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় তিনটি দোকানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।