
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে যৌথ টহল ও অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রায়পুরা উপজেলার পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাড়াতলী ইউনিয়নের মামদেরকান্দি এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নুর আলম ওরফে কাবিলা, পিতা: মজিবুর রহমান খন্দকার, গ্রাম: কাচারিকান্দি নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
অভিযানে পাঁচটি দেশীয় তৈরি একনলা বন্দুক, সাতটি শর্টগানের কার্তুজ, একটি চায়না রাইফেলের গুলি এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নুর আলম স্থানীয় শীর্ষ সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানে রায়পুরা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. শিহাব কবিরের নেতৃত্বে সেনাবাহিনীর ১২ ল্যান্সার্স-এর একটি দল, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এবং র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল অংশ নেয়।
সাম্প্রতিক সময়ে রায়পুরায় যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে সন্ত্রাসীদের গ্রেফতারের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।