আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রায়পুরা উপজেলার পান্থশালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারটির লাইসেন্স সংক্রান্ত অনিয়ম, মানসম্মত নয় এমন অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সংরক্ষণসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। এসব অনিয়মের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবার মান বজায় রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।