রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় তুলাতলী মডেল হাই স্কুলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম খান সাইফুল স্যারের সঞ্চালনায় এবং মো. সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য রফিকুল ইসলাম রফিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য পরিচালক খোরশেদ খান, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান এবং রায়পুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষক খন্দকার শাহ নেওয়াজ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী মুসা মিয়া, সাবিকুন্নাহার শম্পা, মলি বেগম, খাদিজা আক্তার হিমু, মো. নাঈম ও ফারজানা আক্তার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে তুলে ধরে।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও তারুণ্যের চেতনার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিদ্যালয়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ দুপুরের খাবারে অংশ নেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
নজরুলের সাহিত্য ও আদর্শ চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ, সমাজ ও মানবতার কল্যাণে নিজেদের গড়ে তুলবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষকবৃন্দ