নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা সাংবাদিক ফোরামের ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের রায়পুরা প্রতিনিধি হারুন অর রশিদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন মত পত্রিকার রায়পুরা প্রতিনিধি দেলোয়ার হোসেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা বিজয়ী হন।
নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সংগঠনটির নেতৃত্ব নির্বাচিত করেন সদস্যরা।
দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় হারুন অর রশিদ এবং নতুন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে সংগঠনের সদস্য ও সাংবাদিক মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নবনির্বাচিত নেতৃত্বের কাছে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য, অধিকার প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।