রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যান্টিনেটাল কেয়ার (এএনসি) ও পোস্টনেটাল কেয়ার (পিএনসি) কর্নারে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস (এমএমএস) ট্যাবলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে অবস্থিত এএনসি ও পিএনসি কর্নারে এ কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবীর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, মেডিকেল অফিসার ডা. মারুফুল হক সাম্মি, পরিসংখ্যানবিদ শফিকুল ইসলাম পাভেল, ইপিআই টেকনিশিয়ান সেলিনা আক্তার, ইউনিসেফ প্রতিনিধি ওয়াকিয়াসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গর্ভবতী মায়েদের পুষ্টির চাহিদা পূরণ এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এমএমএস ট্যাবলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস (এমএমএস) হলো গর্ভাবস্থায় গ্রহণের জন্য বিশেষ পুষ্টি উপাদানসমৃদ্ধ একটি সম্পূরক। এতে প্রয়োজনীয় আয়রন ও ফলিক অ্যাসিডসহ মোট ১৫ ধরনের অণুপুষ্টি উপাদান রয়েছে।
প্রচলিত আয়রন-ফলিক অ্যাসিড (আইএফএ) ট্যাবলেটের পরিবর্তে এমএমএস গ্রহণের মাধ্যমে গর্ভবতী মা, গর্ভস্থ শিশু ও নবজাতকের পুষ্টি চাহিদা পূরণে অধিকতর সহায়তা পাওয়া যেতে পারে।
স্বাস্থ্য বিভাগের নির্দেশনা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর থেকেই প্রতিদিন রাতে খাবারের পর একটি করে এমএমএস ট্যাবলেট গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
এই উদ্যোগের মাধ্যমে রায়পুরা উপজেলার গর্ভবতী মায়েদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।