নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ একটি পুরোনো সাদা রঙের টয়োটা নোয়াহ মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইসমাইল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরা থানা প্রাঙ্গণে প্রকাশিত তথ্য অনুযায়ী, রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার ইন্সপেক্টর (নিঃ) টিএম ফরিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকার একটি পাকা সড়কে অভিযান চালিয়ে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
জব্দ করা মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ১১-৪২১৬। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে, এ অভিযান ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে রায়পুরা উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মাদক নির্মূলে পুলিশের চলমান কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার বিষয়ে পুলিশ গুরুত্বারোপ করেছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।