নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাচন না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমান চেয়ারম্যান মোমেন সরকারকে অপসারণ, প্রশাসক নিয়োগ এবং দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ মানববন্ধনে চাঁনপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক মানুষ অংশ নেন। এ সময় দাবিসংবলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১১ সালে চাঁনপুর ইউনিয়ন পরিষদে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সীমানা নির্ধারণ ও ভোটারসংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৫ বছরেও আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০১৬ সালে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও মামলাসংক্রান্ত জটিলতায় তা স্থগিত হয়ে যায়।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নবাসী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি বর্তমান চেয়ারম্যান মোমেন সরকার নিয়মিত পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকেন না। তিনি অধিকাংশ সময় এলাকার বাইরে অবস্থান করায় পরিষদ কার্যালয় বন্ধ থাকে। ফলে জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তারা আরও বলেন, একাধিক ইউপি সদস্যের মৃত্যুতে কয়েকটি ওয়ার্ডে জনপ্রতিনিধির পদ শূন্য রয়েছে। এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নাগরিক সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে চেয়ারম্যান মোমেন সরকারকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি জানান। একই সঙ্গে সীমানা নির্ধারণ ও আইনি জটিলতা দ্রুত নিরসন করে রায়পুরার অন্যান্য ইউনিয়নের মতো চাঁনপুর ইউনিয়নেও অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পরে ইউনিয়নবাসীর পক্ষ থেকে এসব দাবি সংবলিত একটি স্মারকলিপি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়।