নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে আগামী প্রজন্মকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নরসিংদীর রায়পুরায় ব্রাইট ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলার হাসনাবাদ বাজারের করিমগঞ্জ অটোস্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী ও সুধীজন অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ, সহশিক্ষা কার্যক্রম এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা, প্রযুক্তিগত জ্ঞান ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, সময়োপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশে ব্রাইট ইন্টারন্যাশনাল স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার প্রসার ও মানোন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
রায়পুরা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও সমাজসেবক এস.এম. শরীফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাই ভাই সুপার মার্কেটের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম শফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোবারক হোসেন কাঞ্চন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদ বাজারের সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাসুম মৃধা, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, এম. নূর উদ্দিন আহমেদ, আমিরগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মো. জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য খালেদা পারভীন, ফেইথ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মো. বিল্লাল খান, রায়পুরা প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম, ভার্ক রায়পুরার প্রতিনিধি সবুজ সরকার, ওলামা দলের রায়পুরা উপজেলার সাধারণ সম্পাদক হাজী কদ্দুস মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মাহফুজ আলম, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. আনোয়ারুল হক, সংবাদ দিগন্তের জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম সবুজ এবং এনটিভি অনলাইনের রায়পুরা উপজেলা প্রতিনিধি মো. ফরহাদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ডা. ওবায়দুল, আবুল কাশেম, আহমদ ভূঞা, শহীদুল ইসলাম গাজী, মো. রুহুল আমিন, মো. কায়কোবাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।
অনুষ্ঠানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাইট ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আব্দুল কাদের উসামা, প্রধান শিক্ষক খন্দকার শাহ নেওয়াজ এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
সুধী সমাবেশে বক্তারা ব্রাইট ইন্টারন্যাশনাল স্কুলের সার্বিক সাফল্য কামনা করেন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।