নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ফেইথ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের উদ্যোগে ‘কোরআন শরিফ সবক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, ইংরেজিতে কথোপকথন, মাসয়ালা-মাসায়েল উপস্থাপন, জানাজার নামাজের ব্যবহারিক প্রশিক্ষণ এবং ইসলামী সংগীত পরিবেশন করে। পাশাপাশি পবিত্র কোরআন শরিফের সবক গ্রহণকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
ফেইথ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুফতি মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রায়পুরা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, সেরাজনগর এম.এ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রায়পুরা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল-মামুন।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্কুলের শিক্ষক দিদার হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল খান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।