রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এ ছাড়া একটি হাসপাতাল ও দুটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মানহীন ও লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনার দায়ে খন্দকার ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে সিলগালা করা হয়।
অভিযানে আল সাবাহ হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া নিয়ম মেনে ব্যবসা পরিচালনা না করায় দুটি ফার্মেসিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস মুনমুন পাল।
অভিযানে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. নজরুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সুপার মনিরা আক্তার এবং রায়পুরা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্যসেবার মান বজায় রাখা, অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।