এস.এম. শরীফ মিয়া:
নরসিংদীর রায়পুরায় জরাজীর্ণ ভবনের ঝুঁকি থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ রানা। তাঁর উদ্যোগে উপজেলার খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে তিন কক্ষবিশিষ্ট একটি নতুন টিনশেড স্কুলঘর। এতে ঝুঁকিমুক্ত পরিবেশে পাঠদানের সুযোগ তৈরি হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নবনির্মিত স্কুলঘরটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মূল ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় শ্রেণিকক্ষ সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। জরাজীর্ণ ভবনে পাঠদান অব্যাহত থাকায় কোমলমতি শিক্ষার্থীদের দুর্ঘটনার ঝুঁকিও ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের অর্থায়নে দ্রুত তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণের উদ্যোগ নেন ইউএনও মাসুদ রানা।
নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা হয়েছে নতুন বেঞ্চ। শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে চেয়ার-টেবিল। এছাড়া শ্রেণিকক্ষগুলোতে বৈদ্যুতিক পাখা ও লাইটের ব্যবস্থাও করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে অপেক্ষাকৃত নিরাপদ ও সুন্দর পাঠদানের পরিবেশ।
নতুন শ্রেণিকক্ষ পেয়ে আনন্দ প্রকাশ করেছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। ইউএনওর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পলাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, পলাশতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন ভূঁইয়া এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন কবির।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসনের অর্থায়নে তিনটি শ্রেণিকক্ষবিশিষ্ট টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বেঞ্চ এবং শিক্ষকদের জন্য চেয়ার-টেবিলসহ বৈদ্যুতিক পাখা ও লাইটের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা যেন নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সেটিই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।