
আতাবুর রহমান সানি, শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মাফিজুল ইসলাম (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাফিজুল ইসলাম দুলালপুর ইউনিয়নের মানিকদী পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের সিফাত মিয়া (২৫) ও মনোয়ারা বেগম (৭০)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মাফিজুল ইসলাম ও তার প্রতিবেশী সিফাত মিয়া মোটরসাইকেলযোগে পলাশ উপজেলার চরসিন্দুরে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যাওয়ার পথে দুলালপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে পরিষদ থেকে বের হওয়া মনোয়ারা বেগমের সঙ্গে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পরিষদের সীমানা প্রাচীরে আঘাত করে। এতে তিনজনই গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে মাফিজুল ইসলামের মৃত্যু হয়।
আহত সিফাত মিয়া বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এবং মনোয়ারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুলালপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা জানান, দুর্ঘটনার সময় তিনি পরিষদে অবস্থান করছিলেন। হট্টগোলের শব্দ শুনে বাইরে এসে তিনজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে তিনি মাফিজুল ইসলামের মৃত্যুর খবর জানতে পারেন।
শিবপুর থানার ওসি কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছেন এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।