
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় পুষ্টিরাজ ও আরমান ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে এক কৃষককে হয়রানির প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১০.৩০ টা থেকে দুপুর ১.২০ টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ধুকুন্দি-চারাবাগ এলাকায় এই অবরোধ সৃষ্টি করে গ্রামবাসী। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় তীব্র যানজনট। পরে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের দেয়া আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেয় গ্রামবাসী।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই কৃষি নির্ভর এই এলাকায় পরিবেশের তোয়াক্কা না করেই মাছ ও মুরগীর ফিড উৎপাদন করে আসছিল পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস্ লিমিটেড। পাশাপাশি তাদের কারখানার পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকার ফলে আশপাশের কৃষি জমিতেও বাঁধাগ্রস্থ হচ্ছে চাষাবাদ। স্থানীয় গ্রামবাসী দীর্ঘদিন ধরে মিল কর্তৃপক্ষকে জানালেও ব্যবস্থা নেয় নি তারা। রবং বিভিন্ন সময়ে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
এরই অংশ হিসেবে গতকাল কর্তৃপক্ষের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় কৃষক শাহিন মিয়া (৪০) কে আটক করে রায়পুরা থানার নিয়ে যায় পুলিশ। এতেই ক্ষিপ্ত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে গ্রামবাসী। পরে স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশের উর্ধতন কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা বলেন কোম্পানির মালিক পক্ষ এবং স্থানীয়দের সাথে বসে সমস্যা সমাধান করা হবে। নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।