নিজস্ব প্রতিবেদক:
ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী। স্বাধীনতা যুদ্ধে নরসিংদী জেলার অবদান অসামান্য কিন্তু ক্রমবর্ধমান শিল্পায়নের ফলে নতুন করে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময় এসেছে। ইতোমধ্যে অনিয়ন্ত্রিত কলকারখানার বর্জ্যের ফলে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী দখল ও দূষণের জর্জরিত। পাশাপাশি নিয়মিত মেঘনা নদীর ভাঙ্গন ভাবিয়ে তুলেছে নরসিংদী বাসীকে। জেলার মধ্য দিয়ে ছোট বড় নদী ও খালের সংখ্যা কমতে কমতে রয়েছে গোটা কতক, সবুজায়ন ধ্বংস করা হয়েছে নির্বিচারে। পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে জনসমর্থন তৈরি ও সচেতনতা তৈরীর জন্য সারা বাংলাদেশে কাজ করছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। গত ২০ জুন ২০২৩ ইং সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটির অনুমোদন দেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল। বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আল আমিন রহমানকে সভাপতি ও সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নরসিংদী জেলার মধ্য দিয়ে প্রবাহিত শীতলক্ষা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন। সবুজায়ন বৃদ্ধি, খাল ও জলাশয় সংরক্ষণ, পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা তৈরি, শিশু ও নারী, কলকারখানা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ পরিবেশের জন্য ক্ষতিকর সকল কার্যক্রমকে প্রতিহত করার জন্য কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক সহ নবগঠিত কমিটির সকল সদস্যরা।