নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় রাতের আঁধারে একটি লাউক্ষেত কেটে গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাসিন্দা কৃষক আলী আকবরের সঙ্গে স্থানীয় প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১৬ এপ্রিল রাতের কোনো এক সময় অভিযুক্তরা তার প্রায় ৪০ শতাংশ জমির লাউক্ষেত কেটে ফেলে এবং প্রায় ৬০০টি লাউগাছ উপড়ে দেয়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কৃষক আলী আকবর ও তার স্ত্রী সালমা বেগম বলেন, “রাতের আঁধারে আমাদের জমির প্রায় সব লাউগাছ কেটে ও উপড়ে ফেলেছে। এই জমি থেকে আমাদের ৫ থেকে ৬ লাখ টাকা আয় হওয়ার কথা ছিল। এখন আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। বিষয়টি জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে মারধরের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।”
এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউদ্দিন ভুঁইয়া বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।