রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. দিদারুল ইসলাম দিদার। তিনি একজন তালিকাভুক্ত কণ্ঠশিল্পী (বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি), পাশাপাশি সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি রায়পুরা উপজেলা জাসাসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা দিদারুল ইসলাম দিদার স্থানীয়ভাবে একজন সৎ, সুনাগরিক ও সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি জানান, সবসময় জনগণের কল্যাণে কাজ করাই তার লক্ষ্য।
প্রার্থীতা ঘোষণার বিষয়ে তিনি বলেন, “রায়পুরা উপজেলার সার্বিক উন্নয়নের জন্য সৎ, সাহসী, যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব প্রয়োজন। জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই বলেই এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে উপজেলার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি। একইসঙ্গে দুর্নীতি ও অনিয়মমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
দিদারুল ইসলাম দিদার বলেন, “জনসেবাই উন্নতির মূল চাবিকাঠি। আমি একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সেবামুখী রায়পুরা গড়ে তুলতে চাই, যেখানে সাধারণ মানুষ সহজেই তাদের ন্যায্য অধিকার পাবে।”
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি রায়পুরা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক রায়পুরা গঠনে ভূমিকা রাখতে পারবেন।