আতাবুর রহমান সানি:
নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জেরে তোফাজ্জল হোসেন (৪২) নামে এক কৃষকের ৫৬ শতাংশ জমিতে চাষ করা শসা, চাল কুমড়া ও মিষ্টি কুমড়া ক্ষেত ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ছোটাবন্দ গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক তোফাজ্জল হোসেন জানান, তিনি ধারদেনা করে নিজের ৫৬ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন সবজি হিসেবে শসা ও কুমড়ার আবাদ করেছিলেন। গাছগুলোতে ফলন আসতে শুরু করেছিল। কিন্তু শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ক্ষেতের প্রায় ৬০০টি ফলন্ত গাছ গোড়া থেকে কেটে ফেলে রেখে যায়। আজ সকালে ক্ষেতে গিয়ে তিনি সব গাছ মরে পড়ে থাকতে দেখেন।
কৃষকের দাবি, পরিকল্পিতভাবে এই গাছগুলো কেটে ফেলায় তার কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। অনেক পরিশ্রম ও অর্থ বিনিয়োগের পর ফলন ঘরে তোলার আগে এমন ঘটনায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।
ভুক্তভোগী কৃষকের অভিযোগ, এলাকায় পূর্ব শত্রুতার জের ধরেই একটি চক্র তার এই বড় ধরনের ক্ষতি করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় কৃষকরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জান্নাত তোরণ জানান, এটি খুবই দুঃখজনক, এলাকাটি আমার পরিচিত, আমাদের উপজেলা কৃষি অফিস থেকে ওনাকে কৃষি প্রণোদনা ও কৃষি সামগ্রী বিতরণ করা হবে।