এ.কে.এম সেলিম:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে নব নির্বাচিত সভাপতিকে স্বাগতম, পরিচালনা পরিষদের সদস্য বৃন্দের পরিচিতি ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দেয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, বর্তমান জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য এবং সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি মো: মনিরুজ্জামান নিসার। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীনগর ইউপি চেয়ারম্যান ও রায়পুরা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর নূর মোহাম্মদ, রায়পুরা সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক আবু হানিফ জাকারিয়া, শ্রীনগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আব্দুল মোতালেব, সায়দাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ, সাবেক কো অপ্ট সদস্য হাবিবুর রহমান, সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক মো: মানিক মিয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান এবং অলিউর রহমান অলি সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তি ও অভিভাবক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইমাম হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে বার বার নির্বাচিত বিদ্যালয়ের সাবেক সভাপতি এবিএম সেলিমুজ্জামান শাহরিয়ার সাহেব এর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য যে, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদ্যালয়ের সভাপতি সেলিমুজ্জামান মৃত্যু বরণ করেন। পরবর্তীতে তাঁর স্থলে তাঁরই চাচাতো ভাই সাবেক অতিরিক্ত সচিব মো: মনিরুজ্জামান নিসার সাহেবকে নির্বচিত করা হয়। আজ নতুন সভাপতির প্রথম আগমন এবং পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান নিসার বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, জবাবদিহিতা, স্বচ্ছতা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা, জেলা এবং আঞ্চলিক পর্যায়ে শীতকালীন খেলাধূলায় বিদ্যালয়ের ছাত্ররা কৃতিত্ব অর্জন করায় পূণরায় পুরস্কৃত করেন।
উদ্বোধক রিয়াজ মোর্শেদ খান রাসেল বলেন- “চেয়ারম্যান হিসেবে নয়; বিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে সবসময় বিদ্যালয়ের যে-কোন কাজে সবসময় পাশে থাকব”। এছাড়াও তিনি বিদ্যালয়ের আংশিক নির্মত মেইন গেট সম্পূর্ণ করার জন্য যাবতীয় ব্যয় বহন করবেন বলে জানান। তিনি খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয় হতে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় সানিয়া আক্তারকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেন।

পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিভিন্ন অতিথি ও প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান গঠনমূলক বক্তব্য দেন। শিক্ষার্থীরাও তাদেরকে শ্রেণী ভিত্তিক বক্ততার মাধ্যমে কান্না জড়িত কন্ঠে বিদায় দেন। পরীক্ষার্থীরাও কান্না জড়িত কন্ঠে প্রিয় প্রতিষ্ঠান, শিক্ষাগুরু ও অনুজদের থেকে বিদায় নেন। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে বিদ্যালয়ের ধর্ম শিক্ষক ওমর ফারুকের দোয়ার মাধ্যমে বিদায় পর্ব শেষ হয়।
সবশেষে বিদ্যালয় পরিচালনা পরিষদের নব নির্বাচিত সভাপতি মনিরুজ্জামান নিসার সাহেবের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।