নিজস্ব প্রতিবেদক:
পরিবেশবান্ধব উদ্যোগে বিএনপির অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এবার রায়পুরায় শতশত নিমগাছ রোপণ করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সবুজায়নের যে পথ দেখিয়েছিলেন, তার উত্তরসূরীরাও আজ সেই পথে এগিয়ে চলেছেন।
সৌদি আরবের পবিত্র আরাফাত ময়দানে যে নিমগাছগুলো রয়েছে, তা উপহার দিয়েছিলেন শহীদ জিয়া। আজ সেই ‘জিয়া ট্রি’ আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিত। এ ধারাবাহিকতায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’।
শুক্রবার (২০ জুন) নরসিংদীর রায়পুরা উপজেলায় দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, “দেশকে সবুজায়নে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি তিনি পরিবেশ রক্ষাতেও দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের জন্মদিনে গাছ রোপণের মধ্য দিয়ে আমরা সেই আদর্শকেই সামনে এনেছি।”
সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেন, “এ ধরনের কর্মসূচি আমাদের অনুপ্রাণিত করবে। আগামী দিনে সবুজে সবুজে ভরে উঠবে বাংলাদেশ।”
প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন,”গাছ আমাদের অক্সিজেন দেয়, সুস্থ জীবন দেয়। ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নিমগাছ রোপণের মাধ্যমে আমরা একটি পরিবেশবান্ধব বার্তা দিতে চেয়েছি।”
নিমগাছের মতো উপকারী বৃক্ষের মাধ্যমে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের মতে, এই কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি করবে। দলীয় নেতৃবৃন্দ এই দিনে ডা. জুবাইদা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আন্তরিকভাবে।