
নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন “এক্সসাস”-এর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
শনিবার সকালে রায়পুরা উপজেলার শ্রীরামপুর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) ও এক্সসাসের সভাপতি মো. খালিদ হোসেন এনডিসি। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলেমান মিয়া এবং সমন্বয়ক কাজী আসাদুর রহমান মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান ও এক্সসাসের প্রতিষ্ঠাতা সভাপতি (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা-বেলাবো সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এবং শিবপুর আসাদ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
সংবর্ধিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রায়পুরা উপজেলার উন্নয়নই তার প্রধান লক্ষ্য। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি ও অনিয়ম নির্মূলে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বয়ে রায়পুরাকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। দেশের সার্বিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।