সাইফুল ইসলাম:
নরসিংদীর রায়পুরায় শনিবার (২৯ মার্চ) ২০২৫ বালু ব্যবসায় ব্যবহৃত অবৈধ যানবাহন চলাচল বন্ধের ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী । ব্যস্ততম সড়ক হওয়ায় মুহূর্তেই যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
রায়পুরা উপজেলার পৌর এলাকায় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর সামনে ভুক্তভোগী জনগণ ও আলোকিত সমাজ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আলোকিত সমাজ এর সভাপতি আরমান শরিফ এবং এলাকাবাসীর পক্ষে মেজবাহ উদ্দিন বশির ও সাহেদ আলমসহ সচেতন মহলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন দীর্ঘদিন যাবত এই সড়কে অবৈধভাবে বালুবাহী ট্রাক (ইছার মাথা) চলার কারনে সড়কে ধুলাবালি সৃষ্টি হচ্ছে । পরিবেশ দূষণ ও বায়ু দূষণের পাশাপাশি রাস্তায় বের হওয়ার অনুপযোগী হয়ে পড়ছে। যার ফলে আশপাশের কয়েকশ পরিবারের মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। চরাঞ্চলের ছয়টি ইউনিয়নবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম রায়পুরা-পান্তশালা সড়ক। দিনরাত ট্রাক দিয়ে বালু আনা নেওয়া করায় সড়কের বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে।
রায়পুরা-পান্থশালা রাস্তাটির পাশেই রয়েছে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), সাব-রেজিস্ট্রার অফিস, রায়পুরা থানা, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, দারুল উলুম রায়পুরা হাফিজিয়া মাদ্রাসা, একাধিক ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।
বাস্টস্ট্যান্ড এলাকা থেকে গুদামঘাট পর্যন্ত কয়েকশত মিটার রাস্তা দীর্ঘ প্রায় ২০ বছর ধরে অবহেলিত। এইটুকু রাস্তা সড়ক ও জনপদ বিভাগের হওয়ায় স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ ও এলজিইডি কেউ দায়িত্ব নিতে চান না। এতটুকু রাস্তা নিয়ে সড়ক ও জনপদ বিভাগেরও কোন মাথা ব্যাথা নেই। তাই রাস্তাটি জনসাধারণরে ভোগান্তির কারন হয়ে দাড়িয়েছে।
এসময় বক্তারা আজ থেকে এ রাস্তা দিয়ে যেন কোন অবৈধ যান, বালু বহনকারী ট্রাক্টর চলাচল করতে না পারে সেজন্য প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান এবং আগামী ১০ এপ্রিলের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু না হলে এলাকাবাসী সড়কে যান চলাচল স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে রায়পুরা থানা প্রাঙ্গণে আসলে রায়পুরা থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইলে কথা বলেন এবং এখন থেকে এ রাস্তা দিয়ে কোন বালুবাহী যান চলাচল করলে থানায় নিয়ে আসা হবে মর্মে আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা জানান, অবৈধ ট্রাক্টর বন্ধ ঘোষনা করা হয়েছে। রাস্তায় ইছার মাথা চললেই সিজ করে ডাম্পিংয়ে দিবে পুলিশ। রাস্তা সংস্কারের বিষয়ে ঈদের পরেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জনদুর্ভোগ লাঘবে সবসময় জনগনের পাশে উপজেলা প্রশাসন থাকবে বলে জানান তিনি।