নিজস্ব প্রতিবেদক:
অবৈধভাবে চাঁদাদাবী, হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নরসিংদীর রায়পুরা উপজেলার চারাবাগস্থ্য বিসমিল্লাহ মটরস এর স্বত্বাধিকারী কবির আহমেদ।
সোমবার (৯ জুন) সকালে রায়পুরা প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী কবির আহমেদ একটি চক্রের শিকার হয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবী করেন।
সংবাদ সম্মেলনে বিসমিল্লাহ মটরস এর স্বত্বাধিকারী কবির আহমেদ বলেন, ঢাকা–সিলেট মহাসড়কের ছয় লেন সম্প্রসারণ প্রকল্পের আওতাভুক্ত এলাকায় অবস্থিত। এই উন্নয়নমূলক কাজ চলাকালীন সময়ে, আমার ব্যবসা প্রতিষ্ঠানটি বিভিন্ন কুচক্রী মহলের নজরে আসে এবং তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে চাঁদা দাবি করতে থাকে।
আমি অবৈধ দাবির বিরুদ্ধে অবস্থান নেওয়ায়, ওই চক্র পরিকল্পিতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অর্থলোভী কিছু ব্যক্তির সঙ্গে যোগসাজশে, বিশেষ করে একজন নারীকে ব্যবহার করে, তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মানহানিকর মামলা দায়ের করেছে।
এই মামলার মাধ্যমে শুধু আমার ব্যবসা প্রতিষ্ঠানকেই ক্ষতি করার অপচেষ্টা করা হচ্ছে না, বরং আমার ব্যক্তিগত নিরাপত্তা, সম্মান ও সম্পদের ওপরও আক্রমণ চালানো হচ্ছে। আমি এই ষড়যন্ত্রের সঠিক তদন্ত ও সত্য উদঘাটনের মাধ্যমে, সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে আইনানুগ বিচার দাবী করছি।
আমি প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করছি, যেন এই চক্রান্তের দ্রুত সমাধান হয় এবং একটি সুষ্ঠু ব্যবসা পরিবেশ বজায় থাকে।
এসময় রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা মোস্তফা খান, ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল হক, কোষাধ্যক্ষ বিনা বেগম, রায়পুরা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মেহেদী হাসান রিপন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।