নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন আলীর বিরুদ্ধে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ তুলেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া মাসুদ।
সোমবার ২৮ জুলাই বিকেলে রায়পুরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ দাবি করেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর থেকে তিনি নিয়মিত হুমকি পাচ্ছেন। তার অভিযোগ, “রবিবার ইউনিয়নের একটি রাস্তার সমস্যার সমাধানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে চেয়ারম্যান আমাকে অশালীন ভাষায় গালমন্দ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।”
তিনি আরও বলেন, চেয়ারম্যান রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও জমি দখলসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। তার প্রভাবের কারণে স্থানীয়রা এসব বিষয়ে মুখ খুলতে সাহস পান না। আমি নিজে ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
এ সময় তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন, যুবদলের সদস্য সচিব নূর আহাম্মদ মানিক, হুমায়ুন কবিরসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চেয়ারম্যান ফারুক হোসেন আলীর বক্তব্য পাওয়া যায়নি।