রায়পুরা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মেঘনায় নিখোঁজের ৫দিন পর ভেসে উঠেছে ৯ম শ্রেণীর শিক্ষার্থী আবির (১৫) এর লাশ। সে উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত সেরাজনগর এম.এ. পাইল মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল এবং উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামের আশরাফুলের ছেলে।
আজ রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর এলাকায় নদীর তীরে লাশ ভাসছিলো। স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
নিহত আবিরের মামা কাজী জামাল উদ্দিন জানান, গত ৩১মে মঙ্গলবার দুপুরে বন্ধুর জন্মদিনে ঘুরতে এসে উপজেলার পান্তশালায় মেঘনা নদীর জেটি থেকে পড়ে নিখোঁজ হয় আবির ইসলাম (১৫)। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল সন্ধ্যা ৬টায় পৌঁছে দীর্ঘক্ষন উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা নেমে আসায় উদ্ধার কাজ সমাপ্ত করে ফিরে যান তারা।
এ ব্যাপারে রায়পুরা থানার এস. আই. মাহমুদুল হাসান বলেন, লাশ উদ্ধার করে সুরুতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হইবে।