নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ মঙ্গলবার দুপুর দুই টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সির সামনে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি বলেন, ৬ জন পুলিশের সদস্য আহত হয়। তাদের একজনকে উন্নত চিকিৎসা করাতে বিদেশে নিতে হবে। বিএম ডিপোতে দুর্ঘটনার তিনদিন পর পুলিশ কন্ট্রোল রুম ও ব্রিফিং সেন্টার খুলেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার সেন্টারের সামনে মঙ্গলবার সকালে তারা এ বুথ চালু করে। আইজিপি সেখানে ব্রিফিং করেন।
সীতাকুণ্ডের ওই কনটেইনার ডিপোতে আগুন লাগার ৬১ ঘণ্টা পার হলেও তা নিয়ন্ত্রণে আসেনি। এখনো বেশ কয়েকটি কনটেইনারে আগুন জ্বলছে। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্তে স্বজনদের ডিএনএ সংগ্রহ করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট।