নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরাল ভাঙা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি নিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ভাঙা নয়—মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কারণে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে এবং আগামীকাল থেকেই পুনর্নির্মাণ কাজ শুরু হবে।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মতিউরনগরের প্রবেশপথে অবস্থিত ম্যুরালটি সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ভূমি থেকে সাময়িকভাবে সরানো হয়। বিষয়টি জানাজানি হলে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা জানান, প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষতিপূরণের অর্থ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, রায়পুরা উপজেলা পরিষদের অনুকূলে হস্তান্তর করা হয়েছে। সেই অর্থ ব্যবহার করে একই স্থানে আগের নকশার অনুরূপ নতুন ম্যুরাল নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি আরও মর্যাদার সঙ্গে সংরক্ষণ করাই আমাদের উদ্দেশ্য।”
এদিকে প্রশাসনের ব্যাখ্যায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে সাময়িক অপসারণ হলেও দ্রুত পুনর্নির্মাণের সিদ্ধান্ত আশাব্যঞ্জক।
রায়পুরার কয়েকজন প্রবীণ মুক্তিযোদ্ধা বলেন, “প্রথমে খবরটি শুনে আমরা ব্যথিত হয়েছিলাম। পরে জানতে পারি, ম্যুরালটি নতুন করে নির্মাণ করা হচ্ছে—এতে আমরা স্বস্তি পেয়েছি।”
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মতিউরনগরের সন্তান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে শহীদ হন তিনি। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য তিনি দেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত নতুন ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি আরও গৌরবের সঙ্গে সংরক্ষিত হবে।