জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফল অনুযায়ী, জোটটি ২১০টি আসনে বিজয়ী হয়েছে। এতে করে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। বাস্তবায়িত হলে প্রায় সাড়ে তিন দশক পর দেশে আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় তা শেষ হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয় এবং রাতেই বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দেশ পরিচালনা করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্যানুযায়ী, এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।